সিলেটের বিয়ানীবাজার সীমান্তবর্তী এলাকা থেকে ২০ পিস ইয়াবা ও দুই বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ বড়গ্রাম বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিয়ানীবাজার উপজেলার ৩ নম্বর দুবাগ ইউনিয়নের সাদিমাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, দুই বোতল ভারতীয় মদ, একটি বাটন মোবাইল ফোন ও একটি টর্চলাইট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান, এসইউপি। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।