মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিট এলাকায় বনবিভাগের বিধি অনুযায়ী নিজ বাড়িতে শাক সবজি ও ফললের চারা লাগিয়ে জীবিকা নির্বাহ করছেন ভিলেজাররা। সম্প্রতি মহেব উল্লা ও তার ছেলের লাগানো শখের কমলা বাগান ও আনারস বাগানের গাছ কেটে ভিলেজার এক সদস্যকে মারধর করেন স্থানীয় বনপ্রহরী। বুধবার বিকালে রাজকান্দি রেঞ্জের আদমপুর বনবিট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মহেব উল্লা তাদের বাড়িতে ফল ফসল চাষাবাদের জন্য বিট কর্মকর্তাকে টাকা দিতে হয় প্রতি বছরে। আনারস ও কমলা গাছ লাগানোর সময় মোটা অংকের টাকা নিয়েছেন বন বিট কর্মকর্তা। ঘটনার দিন আরও টাকা দাবি করলে ভিলেজার মহেব উল্লার ছেলে আলী হোসেন অপারগতা প্রকাশ করেন। পওে বিট কর্মকর্তার নির্দেশে বন প্রহরী শাহ আলম ও শাহীন আহমেদ জোর করে বেশ কয়েকটি কমলা গাছ ও আনারস গাছ কেটে ফেলেন। এ সময় বাধা দিতে গেলে মহেব উল্লা ও তার স্ত্রী আলেকজান বিবিকে মারধর করেন বন প্রহরীরা।
এ ঘটনায় আহত হন আলী হোসেনের স্ত্রী সালমা বেগম (৩০) ও তার মা-বাবা। তবে আহত অবস্থায় তার মা আলেকজান বিবি (৬০) ও বাবা মহেব উল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ভিলেজাররা জানান, আদমপুর বন বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার আদমপুর বিটে যোগদান করার পর থেকে ভিলেজার ও এলাকাবাসীকে নানা ভাবে হয়রানি করছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে চাইলে আদমপুর বন বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদারের মোবাইলে বার বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।