জরুরি মেরামত কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শেরপুর সেতু দিয়ে যান চলাচল তিনদিন বন্ধ থাকবে।
আগামী শুক্রবার (২৪ এপ্রিল) থেকে তিনদিনের জন্য বিকল্প পথে যান চলাচলের আহ্বান জানিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজ আগামী ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চলমান থাকবে।সংবাদ পরিবেশন
২৪ এপ্রিল সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত একলেনে যান চলাচল করবে। রাত ১১টা থেকে ২৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এছাড়া ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সেতুর এক লেনে সীমিতভাবে যান চলাচল করবে।
মেরামত কাজ শেষে রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টার পর সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকাকালীন বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
মহাসড়কে চলাচলকারী শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট রুটের যানবাহনের জন্য শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল)-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
এছাড়া শেরপুর (মৌলভীবাজার)-সিলেট রুটের যানবাহনের জন্য মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সিলেট সড়ক ও ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের যানবাহনের জন্য নবীগঞ্জের সৈয়দপুর বাজার-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।