একসঙ্গে বিষপান করেন প্রেমিক-প্রেমিকা। এ ঘটনায় প্রেমিকা মারা গেলেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রেমিক।
রবিবার (১৯ এপ্রিল) সকালের দিকে গাইবান্ধার সাদুল্লাপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রেমিকা মিম আক্তারের (১৯) সঙ্গে পরশ প্রধানের (২১) দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মৃত মিম আক্তার উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শফিউল ইসলামের মেয়ে ও চিকিৎসাধীন পরশ প্রধান একই গ্রামের আব্দুল হামিদ প্রধানের ছেলে।
স্থানীয়রা জানান, কয়েক মাস আগে মিমের অন্যত্র বিয়ে হয়। বিয়ের পরও মিমের সঙ্গে পরশের যোগাযোগ ছিল। এরই মধ্যে মিম বাবার বাড়িতে বেড়াতে আসেন। একপর্যায়ে উভয়ের মধ্যে অভিমান সৃষ্টি হয়। এই অভিমান থেকে শুক্রবার (১৭ এপ্রিল) সকালের দিকে দুজনই বিষপান করেন।
বিষয়টি স্বজনরা টের পেয়ে মিমকে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপরদিকে রবিবার সকালের দিকে পরশ প্রধানকে চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, মিম আক্তার নামের এক নারী হাসপাতালে মারা যান। এরপর সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা হয়েছে।