বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরা - প্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন! হরিপুর গ্যাস ফিল্ড - টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন
advertisement
সিলেট বিভাগ

হরিপুর গ্যাস ফিল্ড

টেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ও দরপত্র প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে উপস্থিত হয়েও কয়েকজন ব্যবসায়ী টেন্ডার বাক্সে দরপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহীন আলমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন কয়েকজন ব্যবসায়ী। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের প্রধান কার্যালয়ের সার্ভিসেস ডিভিশনের নিরাপত্তা শাখা (ট্রান্সপোর্ট) এলাকায় দরপত্র জমা দেওয়ার জন্য টেন্ডার বাক্স রাখা হয়। সেখানে পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তা ব্যবস্থা ছিল বলে জানা গেছে।

অভিযোগকারী ব্যবসায়ীদের দাবি, তারা নির্ধারিত নিয়ম মেনে দরপত্র জমা দিতে উপস্থিত হলেও টেন্ডার বাক্সে কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাননি। তাদের ভাষ্য অনুযায়ী, প্রায় ১২ জন ব্যবসায়ী দরপত্র জমা দেওয়ার জন্য উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত চারটি দরপত্র জমা পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী অভিযোগ করেন, ‘আমরা নিয়ম অনুযায়ী টেন্ডার জমা দিতে এসেছিলাম। কিন্তু ছাত্রদল নেতা শাহীন আলমসহ কয়েকজন আমাদের টেন্ডার জমা দিতে বাধা দেন। শেষ পর্যন্ত চারটি টেন্ডার জমা হয়েছে, আর আমাদের কাউকেই টেন্ডার জমা দিতে দেওয়া হয়নি।’

আরেক ব্যবসায়ী মোসায়িদ আলী বলেন, নির্ধারিত সময়ের আগেই কয়েকজন রাজনৈতিক নেতা ও তাঁদের অনুসারী টেন্ডার এলাকায় অবস্থান নেওয়ায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চাপ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

স্থানীয় ও ব্যবসায়ী সূত্রের দাবি, টেন্ডার জমা দেওয়ার সময়ের আগে সিলেট গ্যাস ফিল্ডের সিবিএ কার্যালয় এলাকায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহীন আলম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী ইলিয়াস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোয়েব আহমদ এবং চিকনাগুল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান ছাব্বিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে তাঁদের উপস্থিতি দরপত্র জমাদানে সরাসরি বাধা দেওয়ার সঙ্গে জড়িত ছিল কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ব্যবসায়ীদের আরও অভিযোগ, দরপত্র জমা দেওয়ার সময় সিলেট গ্যাস ফিল্ডসের সিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পরিস্থিতি নিয়ে তাঁদের ‘সমঝোতার’ মাধ্যমে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন।

নজরুল ইসলাম বলেন, আজ টেন্ডার জমা দিতে এসে অনেকেই টেন্ডার জমা দিতে পারেননি, এটি দুঃখজনক। স্থানীয় এলাকার কিছু ছেলে এসে ব্যবসায়ীদের টেন্ডার জমা দিতে বাধা দেওয়ায় তাঁরা দরপত্র জমা দিতে পারেননি। চারটি টেন্ডার জমা পড়েছে। বাকিটা গ্যাস ফিল্ডের কর্মকর্তা-কর্মচারীরা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই হবে।

টেন্ডার বাক্সের দায়িত্বে থাকা সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের পরিবহন বিভাগের ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আজকের টেন্ডার জমাদানের পরিবেশটা মারমুখী ছিল। স্থানীয় এলাকার ১০-১২ জন এসে অন্যান্য ব্যবসায়ীকে টেন্ডার জমা দিতে দেননি। চারটি টেন্ডার জমা পড়েছে। কিন্তু অন্যান্য ব্যবসায়ী সময়মতো এসেও স্থানীয় ছাত্রদল নেতাদের বাধার কারণে দরপত্র জমা দিতে পারেননি।

তবে অভিযোগ অস্বীকার করে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাহীন আলম বলেন, আমরা ঘটনাস্থলে ছিলাম। সেখানে চারটি টেন্ডার জমা পড়েছে। অন্যান্য ব্যবসায়ী ঘটনাস্থলে এসেছেন, কিন্তু কেন টেন্ডার জমা দেননি, এটি আমি বলতে পারব না। আমার বিরুদ্ধে টেন্ডার জমাদানে বাধার যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের দরপত্র-সংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২১ জুলাই বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানি (POL)সহ ভাড়াভিত্তিক মাঝারি মিনিবাস, মাইক্রোবাস ও পিকআপ সরবরাহের জন্য জাতীয় পর্যায়ে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। পরে ২৪ আগস্ট দরপত্রের সময়সূচি সংশোধন করা হয়।

দরপত্রে চারটি প্যাকেজের মাধ্যমে মোট নয়টি যানবাহন ভাড়ায় নেওয়ার কথা রয়েছে। প্যাকেজ ‘ক’-এর আওতায় সিলেটের চিকনাগুলে অবস্থিত প্রধান কার্যালয়ের জন্য একটি এবং হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডের জন্য দুটি—মোট তিনটি ৩৬ আসনের মাঝারি মিনিবাস নেওয়ার কথা রয়েছে। এ প্যাকেজে গত তিন বছরে সমমূল্যের সফলভাবে সম্পন্ন কাজের ন্যূনতম অভিজ্ঞতার অর্থমূল্য ৫০ লাখ টাকা।

প্যাকেজ ‘খ’-এর আওতায় প্রধান কার্যালয়ের জন্য কমপক্ষে সাত আসনের চারটি মাইক্রোবাস নেওয়ার কথা রয়েছে। এ প্যাকেজে ন্যূনতম অভিজ্ঞতার অর্থমূল্য ৮৮ লাখ টাকা। প্যাকেজ ‘গ’-এর আওতায় হরিপুর গ্যাস ফিল্ডের জন্য কমপক্ষে ১১ আসনের একটি মাইক্রোবাস এবং প্যাকেজ ‘ঘ’-এর আওতায় রশিদপুর গ্যাস ফিল্ডের জন্য পাঁচ আসনের একটি ডাবল কেবিন পিকআপ নেওয়ার কথা রয়েছে। এ দুটি প্যাকেজে ন্যূনতম অভিজ্ঞতার অর্থমূল্য যথাক্রমে ২২ লাখ ও ২৭ লাখ টাকা।

দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে নির্ধারিত অভিজ্ঞতা, বার্ষিক টার্নওভার, তরল সম্পদ বা চলতি মূলধনসহ সংশ্লিষ্ট সরকারি শর্ত পূরণ করতে হবে।

ব্যবসায়ীদের দাবি, কোনো যোগ্য দরদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে টেন্ডার বাক্সে দরপত্র জমা দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়ে থাকলে বিষয়টি তদন্ত করা প্রয়োজন। এ জন্য টেন্ডার বাক্সে জমা পড়া দরপত্র, উপস্থিত ব্যবসায়ীদের তালিকা, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের তথ্য এবং দরপত্র জমাদানের সময়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার দাবি জানিয়েছেন তাঁরা।

অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করে দরপত্র প্রক্রিয়া পরিচালনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড পেট্রোবাংলার অধীন একটি রাষ্ট্রীয় গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান। ফলে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ এ দরপত্র নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ যাচাই এবং সব যোগ্য দরদাতার জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এই সম্পর্কিত আরো

উদ্বেগে অভিভাবক ও ব্যবসায়ীরাপ্রশাসনের অনুমতি ছাড়াই গোলাপগঞ্জে ৪ দিনব্যাপী মেলার আয়োজন!

হরিপুর গ্যাস ফিল্ডটেন্ডার বাক্স সামনে, তবু দরপত্র দিতে পারলেন না ব্যবসায়ীরা

সিলেটে পিকআপে মিলল ২৩ লাখ টাকার আইপিএস ও ব্যাটারি, আটক তিন

কানাইঘাটে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও

শাল্লায় দুই পক্ষের বিরোধের অবসান

জামালগঞ্জে পিএফজির ত্রৈমাসিক সভা

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার: শওকতুল ইসলাম

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

বিশ্বনাথে ছাত্রদল নেতার ওপর হামলা: আ.লীগ-ছাত্রলীগের ২০ জনের নামে মামলা

পুলিশ হেফাজত থেকে ছাড়া, একদিন পর ঢাকায় আবার গ্রেপ্তার নিষিদ্ধ আ.লীগ হাজী স্বপন