মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সুলতানপুর আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হিল্লোল চাকমা বলেন, “আমি আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দিত বোধ করছি। আপনারা সম্মানিত শিক্ষক। শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। সরকারি সুযোগ-সুবিধা বেশি না হলেও আপনারা একটি মর্যাদাপূর্ণ জীবন উপভোগ করছেন। সেটা ধরে রাখবেন। পাঠদানে আপনারা আন্তরিক আছেন, সেটাও ধরে রাখবেন। আপনাদের ছাত্র-ছাত্রীরাই একদিন বড় কর্মকর্তা বা উদ্যোক্তা হবে। সেটাই আপনাদের সার্থকতা।”

এ সময় নিজের প্রাথমিক বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি তাঁর শিক্ষকদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম শেখ আহমদ, উপজেলা ইউআরসি কর্মকর্তা বিমল কুমার সরকার, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এবং ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডেইজি তালুকদার।

উপজেলা পর্যায়ে প্রধান শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এবং জামালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমা চক্রবর্তী।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ডিকেসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন এবং ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ডেইজি তালুকদার।

শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন কৃষ্ণ আচার্য এবং আসারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্চিতা রানী দাস। এছাড়া উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে ইয়াকুব আলী কামরুপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী, গাজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব রায়, আস্তমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল চক্রবর্তী, মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ আহমদ, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধা মজুমদারসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা।

এই সম্পর্কিত আরো