জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরিয়ে নেওয়া যাবে না। গত ১৫-২০ বছরে দেশকে যে রসাতলে নেওয়া হয়েছে, তা থেকে আবার জাগিয়ে তুলতে সময় ও ধৈর্য প্রয়োজন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ।
মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় এ অঞ্চলের মানুষের একাগ্রতা ছিল। আন্দোলন-সংগ্রামেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তারেক রহমানের প্রতি মানুষের ভালোবাসা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাবোধ ছিল। এসব কিছুর আলোকেই আজ একটি নতুন বাংলাদেশ পাওয়া গেছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল ইসলাম, কামাল উদ্দিন আহমেদ সেলিম ও আফতাব উদ্দিন।