সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার গোয়ালাবাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ফজল আহমদ জনির সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ ও যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে তারুণ্যের শক্তিকে দেশ পুনর্গঠনে কাজে লাগাতে হবে। জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র সুসংহত করতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনকে নিয়ে অতীতের মতো এখনো ষড়যন্ত্র চলছে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি বানচাল করার ষড়যন্ত্রও করা হচ্ছে বলে দাবি করেন তাঁরা। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন বলে জানান বক্তারা।
এ সময় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, ত্যাগী কর্মীরা যেন দল থেকে দূরে সরে না যান, সে জন্য নেতৃত্বকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পথসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে উত্তর গোয়ালাবাজারে গিয়ে শেষ হয়। এতে যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।