সুনামগঞ্জের ছাতকে গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে গতিশীলতা বৃদ্ধি ও কাজের সুবিধার্থে বাইসাইকেল, পোশাক এবং আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ছাতক উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সরঞ্জাম বিতরণ করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন জানান, গ্রাম পুলিশ সদস্যরা গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও জনসচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের দায়িত্ব পালনের সুবিধার্থে প্রয়োজনীয় সরঞ্জাম ও পোশাক দেওয়া হয়েছে, যা কাজের পরিবেশ উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে ১০৪ জন নারী-পুরুষ গ্রাম পুলিশ সদস্যের মধ্যে জুতা-মোজাসহ পোশাক ও আনুষঙ্গিক সরঞ্জাম বিতরণ করা হয়। তাঁদের মধ্যে ৯৪ জনকে বাইসাইকেল দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান ও নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগীরা।