কোদাল হাতে ময়লার স্তূপ পরিষ্কারের কাজে নেমে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেছেন সিলেটের কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। পরে পরিষ্কার করা স্থানে নিজ হাতে ফুলের গাছের চারা রোপণ করেন তিনি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কানাইঘাট বাজারে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে কানাইঘাট পৌরসভার উদ্যোগে শুরু হওয়া এ কর্মসূচি তিন মাসব্যাপী চলবে।
অভিযানের শুরুতে পৌর শহরের উত্তর বাজারে ওয়ালটন প্লাজার সামনে সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপ অপসারণের কাজ শুরু করেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরে বাজারের কাঁচাবাজারসহ বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম সরেজমিনে উপস্থিত থেকে তদারকি করেন ইউএনও সুমাইয়া ফেরদৌস।
কাঁচাবাজারের ময়লা-আবর্জনা অপসারণের পর সেখানে ফুলের গাছের চারাও রোপণ করেন তিনি।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে ইউএনও সুমাইয়া ফেরদৌস স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কানাইঘাট পৌরসভার উদ্যোগে এ অভিযান শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, উপজেলার নয়টি ইউনিয়নের জনপ্রতিনিধি, হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি ও বণিক সমিতির মাধ্যমে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ইউএনও আরও বলেন, কানাইঘাট পৌর শহরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারের পরিবেশ সুন্দর রাখতে ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।