সিলেট নগরের আম্বরখানা পয়েন্টে একটি পিকআপে তল্লাশি চালিয়ে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের আইপিএস, ইনভার্টার ও পুরোনো ব্যাটারি জব্দ করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আম্বরখানা পয়েন্টে তল্লাশি চৌকি বসিয়ে একটি পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় ১১৬টি লুমিনাস ব্র্যান্ডের আইপিএস ও বিভিন্ন কোম্পানির পুরোনো ব্যাটারি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের বানিয়াচং ও সদর এলাকার বাসিন্দা কামরুল হাসান (২৮), অপু সরকার (২২) ও মো. তারেক (১৮)।
পুলিশের দাবি, জব্দ করা আইপিএস, ইনভার্টার ও পুরোনো ব্যাটারির আনুমানিক মূল্য প্রায় ২৩ লাখ টাকা। এসব মালামাল চোরাই বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।