সরকারি বিদ্যালয়ের শিক্ষক, পুলিশ কর্মকর্তা ও নির্দিষ্ট কিছু সরকারি কর্মীর ওপর এই বিধিনিষেধ কার্যকর থাকছে
কানাডার কুইবেক প্রদেশে কর্মক্ষেত্রে হিজাব, পাগড়িসহ ধর্মীয় প্রতীক পরার নিষেধাজ্ঞা বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার (২৭ নভেম্বর) দেওয়া এই রায়ের ফলে সরকারি বিদ্যালয়ের শিক্ষক, পুলিশ কর্মকর্তা ও নির্দিষ্ট কিছু সরকারি কর্মীর ওপর এই বিধিনিষেধ কার্যকর থাকছে।
সরকারি প্রতিষ্ঠানের ধর্মীয় নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে ২০১৯ সালে ‘বিল ২১’ নামে আইনটি পাস করে কুইবেক সরকার। কানাডার সংবিধানের একটি বিশেষ বিধান ব্যবহার করে আইনটি কার্যকর রাখা হয়। সুপ্রিম কোর্ট সেই বিধানের ব্যবহারকে বৈধ বলে রায় দিয়েছেন।
Nagad
তবে সাত বিচারপতির বেঞ্চে দুই বিচারপতি আংশিক ভিন্নমত পোষণ করেছেন। তাদের মতে, আইনটি ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘন করছে এবং এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মুসলিম নারীদের ওপর।
আইনটির কারণে অনেকেই চাকরি হারিয়েছেন, কেউ পেশাগত জীবন চালিয়ে যেতে কুইবেক ছেড়েছেন। আবার চাকরি ধরে রাখতে কর্মক্ষেত্রে হিজাব খুলতে বাধ্য হয়েছেন কিছু মুসলিম নারী।
এরই মধ্যে বিদ্যালয়ের সহায়ক কর্মী, স্বেচ্ছাসেবক ও শিশুযত্ন কেন্দ্রের কর্মীদের ক্ষেত্রেও ধর্মীয় প্রতীক পরার নিষেধাজ্ঞা সম্প্রসারণ করেছে কুইবেক সরকার। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই বিধিনিষেধ আরোপের পরিকল্পনা রয়েছে।
ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস এই রায়কে দেশটির সাংবিধানিক গণতন্ত্রের জন্য ‘একটি অন্ধকার দিন’ হিসেবে অভিহিত করেছে। কানাডিয়ান সিভিল লিবার্টিজ অ্যাসোসিয়েশনও আইনটিকে ধর্মীয় বৈষম্য হিসেবে উল্লেখ করেছে।