শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
ইউরোপের স্বপ্ন, ২০ লাখ টাকার লেনদেন স্ত্রীর মামলায় স্বামী শ্রীঘরে সিলেটে আসছেন পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা: চা রপ্তানির সম্ভাবনা দুই মন্ত্রীর উদ্যোগে সিলেটে সড়ক-সেতু উন্নয়নে বড় বরাদ্দ রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই ছাত্রদলের অবস্থান কর্মসূচি বিয়ানীবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানাইঘাটে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করলেন জেলা প্রশাসক ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা বিশ্বনাথে সার্বিক উন্নয়নের দাবী জানিয়ে এলাকাবাসী সমন্বয় সভা
advertisement
আন্তর্জাতিক

মিয়ানমারে ১০ হাজার রোহিঙ্গা হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে

মিয়ানমার সেনাবাহিনীর ২০১৭ সালের দমন-পীড়ন অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালত বলেছেন, ওই অভিযানে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, পুরুষদের আলাদা করে হত্যা ও মৃত্যুদণ্ড, যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে মামলার শুনানি চলাকালে আইসিজের বিচারক ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গাদের ওপর ব্যাপক সহিংসতা চালিয়েছে। বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও রোহিঙ্গাদের ওপর হামলা করা হয়েছে।

২০১৭ সালের আগস্টে শুরু হওয়া ‘ক্লিয়ারেন্স অপারেশনস’ বা নির্মূল অভিযানের আগে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) নিরাপত্তা চৌকি ও বেসামরিক লোকজনের ওপর হামলা এবং গ্রাম পোড়ানোর ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছেন আদালত। তবে বিচারক বলেন, এসব ঘটনার পাশাপাশি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড ও অন্যান্য সহিংসতার প্রমাণও আদালতের সামনে এসেছে।

বিচারক ইওয়াসাওয়া বলেন, আদালতের পর্যালোচনা করা প্রমাণ অনুযায়ী, ২০১৭ সালের অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে সহিংসভাবে হত্যা করা হয়েছে।

আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে বিবেচনা করেছেন। বিচারক বলেন, রোহিঙ্গাদের নিজস্ব ভাষা, শিল্প-সংস্কৃতি রয়েছে এবং তাঁরা নিজেদের একটি পৃথক জনগোষ্ঠী হিসেবে পরিচয় দেন। কয়েক দশক ধরে মিয়ানমারে তাঁদের প্রতি বৈষম্য করা হয়েছে বলেও প্রমাণ রয়েছে।

এ কারণে গণহত্যা সনদের আওতায় সুরক্ষার যোগ্য গোষ্ঠী হিসেবে রোহিঙ্গাদের বিবেচনা করেছেন আদালত।

২০১৭ সালের অভিযান শুরুর আগে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করতেন। বিচারক বলেন, মিয়ানমারের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এই জনগোষ্ঠীর সংখ্যা যথেষ্ট বড়। গণহত্যা সনদের আওতায় একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী হিসেবে বিবেচনার জন্য এই সংখ্যা গুরুত্বপূর্ণ।

বিচারক ইওয়াসাওয়া গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রগুলোর দায়িত্বের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, কোনো রাষ্ট্রের অঙ্গপ্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ড রাষ্ট্রের ওপর আরোপযোগ্য হলে সংশ্লিষ্ট অপরাধের জন্য রাষ্ট্রকে দায়ী করা যেতে পারে।

ব্যক্তির ক্ষেত্রে অপরাধের দায় থাকলেও রাষ্ট্রের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অধীনে দায়িত্ব ও বাধ্যবাধকতা রয়েছে। তবে রাষ্ট্রের এই দায়বদ্ধতা ফৌজদারি অপরাধের মতো নয়।


রোহিঙ্গাদের ওপর বিভিন্ন বিধিনিষেধ তাঁদের জন্মহার কমানোর উদ্দেশে নেওয়া হয়েছিল বলেও আদালতে উল্লেখ করেন বিচারক। তিনি বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিয়ের জন্য বিশেষ অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করেছিল। পাশাপাশি বিবাহিত দম্পতির সন্তানসংখ্যা সর্বোচ্চ দুটিতে সীমিত রাখার বিধান ছিল।

মিয়ানমার স্বীকার করেছে, এসব পদক্ষেপের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের জন্মহার কমানো। তবে বাস্তবে জন্মহার নিয়ন্ত্রণে নীতিগুলো সফল হয়নি।

বিচারক বলেন, এসব পরিস্থিতিতে আদালত নিশ্চিত হয়েছেন, বিধিনিষেধগুলো রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চাপ প্রয়োগের ব্যবস্থা ছিল। অন্তত নির্মূল অভিযানের সময় তাঁদের মধ্যে জন্মহার কমানোর উদ্দেশ্য এতে ছিল। অন্যান্য পদক্ষেপের সঙ্গে এসব নীতি রোহিঙ্গাদের বংশবিস্তার বন্ধ করার ইঙ্গিত দেয়।


এ ছাড়া অভিযানের সময় যৌন সহিংসতার ঘটনাগুলোও তুলে ধরেন বিচারক। তিনি বলেন, এসব সহিংসতার উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা ও সক্ষমতা শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা।

আদালতের রায় পড়া এখনো শেষ হয়নি। বিচারক ইওয়াসাওয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হয়েছে কি না, তার রায় পড়ে শোনাচ্ছেন এবং এ বিষয়ে আদালতের সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়া ব্যাখ্যা করছেন।

তথ্যসূত্র: বিবিসি

▐ এই সম্পর্কিত আরো

ইউরোপের স্বপ্ন, ২০ লাখ টাকার লেনদেন স্ত্রীর মামলায় স্বামী শ্রীঘরে

সিলেটে আসছেন পর্তুগিজ রাজকন্যা ফ্রান্সিসকা: চা রপ্তানির সম্ভাবনা

দুই মন্ত্রীর উদ্যোগে সিলেটে সড়ক-সেতু উন্নয়নে বড় বরাদ্দ

রাজনীতির সংঘাত যতদিন চলবে, ততদিন অধরাই থাকবে গণতন্ত্রের সোনার হরিণ

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দিরাই ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বিয়ানীবাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কানাইঘাটে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করলেন জেলা প্রশাসক

৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের, শুরু ২১ নভেম্বর

সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যের প্রবেশ নিয়ে ভারতের ব্যাখ্যা

বিশ্বনাথে সার্বিক উন্নয়নের দাবী জানিয়ে এলাকাবাসী সমন্বয় সভা