সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোররাতে উপজেলা রোডে অবস্থিত ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে নৈশপ্রহরীর তৎপরতায় বড় ধরনের অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।
জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের বাইরে সড়কের পাশে স্থাপিত সাইনবোর্ড ও ব্যাংকের নিচতলার ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় আগুনের বিষয়টি নৈশপ্রহরীর নজরে এলে তিনি এগিয়ে যান। একই সঙ্গে স্থানীয় লোকজনও বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে আসেন। তবে তাঁদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নৈশপ্রহরী আগুন নিভিয়ে ফেলেন। এতে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হযরত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।
এদিকে গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল ও কার্যালয় পরিদর্শন করেছেন। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর সিলেটের সব শাখায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি প্রতিটি শাখা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।