সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জকিগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল মহানগরের শাহপরাণ থানাধীন পীরের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জিহাদ উদ্দিন ওরফে জাহেদ আহমদ (৩২)জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঘেচুয়া গ্রামের মৃত আজমুল আলীর ছেলে ও আব্দুর রহিম ওরফে তিতন (৪০) মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার আব্দুল মতিন ওরফে আব্দুল করিমের ছেলে।
পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল জকিগঞ্জ থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার (মামলা নং-১৩) তদন্তের সূত্র ধরে এই অভিযান চালানো হয়। ধৃত আসামিরা দীর্ঘ দিন ধরে সিলেট জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও চুরির সাথে জড়িত ছিল।
জিহাদ উদ্দিনের বিরুদ্ধে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জকিগঞ্জ এবং এসএমপির জালালাবাদ থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ অন্তত ৭টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন ও আব্দুর রহিমের বিরুদ্ধে মোগলাবাজার, শাহপরাণ, কোতোয়ালী মডেল, দক্ষিণ সুরমা এবং গোলাপগঞ্জ থানায় অস্ত্র আইন ও ডাকাতিসহ ১০ থেকে ১২টি মামলা রয়েছে।
সিলেট জেলা পুলিশ জানায়, জেলায় অপরাধ দমন, মাদক উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলস কাজ করছে। এরই ধারাবাহিকতায় এই দুর্ধর্ষ ডাকাতদের আইনের আওতায় আনা হয়েছে। আজ সোমবার গ্রেফতারকৃতদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।