সিলেটের জকিগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ২৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাতে জকিগঞ্জ-সিলেট সড়কের বেউর এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ৪নং খলাছড়া ইউনিয়নের বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট পরিচালনা করে। রাত আনুমানিক ৮:৪৫ মিনিটে জকিগঞ্জ থেকে সিলেটগামী সন্দেহভাজন দুই আরোহীকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার দুপরিপাড় গ্রামের সায়েব আলীর পুত্র আলী আহমদ (২২) ও ষাটশৌলা গ্রামের মৃত আলাউদ্দিনের পুত্র নুরুল আমিন (২০) ।
উভয়ই জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জকিগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।