সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে আবু সালেক (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রুপাবালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সালেক ওই গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বৃষ্টির সময় মাঠ থেকে গরু নিয়ে আসতে বাড়ি থেকে বের হন আবু সালেক। মাঠে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় এবং মাঠের এক কোণে তাকে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবু সালেককে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের মতে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে, তরুন এই যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে রুপাবালী গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।