সুনামগঞ্জের জামালগঞ্জে বায়ুদূষণের অভিযোগে চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার লালপুর, লক্ষ্মীপুর ও কামিনীপুর এলাকায় এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্টোন ক্রাশার মেশিন পরিচালনার মাধ্যমে বায়ুদূষণ ও পরিবেশের ক্ষতি করার অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ১৫(২) ধারায় চারটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রাণী মোদক মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। অভিযানে জামালগঞ্জ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, ‘বায়ুদূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’