দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও হামের লক্ষণ নিয়ে তিনজন মারা গেছেন।
এর মধ্যে নিশ্চিতভাবে হামে একজন আর লক্ষণ নিয়ে দুজন মারা গেছেন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, দেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এ ছাড়া হামের লক্ষণ নিয়ে ১৮৫ জন মারা গেছেন।
এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৮৪ জন ঢাকায় মারা গেছেন। আর রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে ৬৬ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৮ জন হামে আক্রান্ত হয়েছেন। এই সময়ে ১ হাজার ১৫৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে ৯১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত এক দিনে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৯ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম চারজন ভর্তি হয়েছেন রংপুরে।
দেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৯৩৫ জন। তাদের মধ্যে ৩ হাজার ৮০৫ জনের হাম শনাক্ত হয়েছে।