মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনে বিজিবির বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে পণ্য নিয়ে আসা বিকি সাহা নামে এক যাত্রীর কাছ থেকে এসব মালামাল উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বিকি সাহা নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। এসময় তার কাছে অনুমোদিত সীমার অতিরিক্ত বিপুল পরিমাণ কসমেটিক্স সামগ্রী, জিরা, বিভিন্ন খাদ্যপণ্য এবং মোবাইল ফোন পাওয়া যায়। এসব পণ্য আমদানিতে সরকারি শুল্ক পরিহার করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত হয়। পরে নিয়ম অনুযায়ী মালামালগুলো জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
পাসপোর্ট যাচাই করে বিজিবি কর্মকর্তারা দেখেছেন, ওই ব্যক্তি গত ছয় মাসে মোট ৭ বার এবং সাম্প্রতিক সময়ে ৪ বার ভারত যাতায়াত করেছেন। প্রতিবারই তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে ‘লাগেজভর্তি’ পণ্য বহন করেছেন বলে ধারণা করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত বিধি-নিষেধ রয়েছে। কেউ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ বা অতিরিক্ত পণ্য দেশে আনার চেষ্টা করলে আমরা কঠোর ব্যবস্থা নেই। সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রথমবারের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও তার মালামাল বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের অর্থনৈতিক সুরক্ষা এবং অবৈধ পণ্যের প্রবেশ রোধে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা সজাগ রয়েছে।
এ ব্যাপারে চাতলাপুর শুল্ক স্টেশনের কাস্টমস কর্মকর্তা মঙসাচিং মারমা বলেন, বিজিবি জব্দকৃত মালামাল আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে। এখন কাস্টমস আইন ও বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।