সুনামগঞ্জের জামালগঞ্জে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলীর সঞ্চালনায় আয়োজিত সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল মতিন খান। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ ছয়টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের খেলাধুলার মাধ্যমে শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করা হবে।
তারা আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে শিশু-কিশোরদের সুস্থ, সুন্দর ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। একইসঙ্গে তাদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা।
এই কর্মসূচির আওতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। সাবেক খেলোয়াড় ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের সম্পৃক্ত করে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা বাছাই করা হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং তৃণমূল পর্যায় থেকে উঠে আসবে মেধাবী খেলোয়াড়দের একটি শক্তিশালী প্রজন্ম।