সিলেটের ওসমানীনগরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সফর আলী ওরফে কালা মিয়া (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সুনামগঞ্জের রঙ্গাচর ইউনিয়নের চিনাউরা গ্রামের মৃত মনফর আলীর ছেলে। বর্তমানে তিনি ওসমানীনগরের তেরহাতি এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার ফজরের আজানের পর বাড়ি থেকে বের হন সফর আলী। সকাল ৮টার দিকে তার মেয়ে বাড়ির পেছনে একটি কাঁঠালগাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।