সিলেট নগরের শাহপরান (রহ.) থানাধীন মিরাপাড়া এলাকায় এক লন্ডন প্রবাসীর ক্রয়কৃত ১২ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা, ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং বাউন্ডারি দেয়াল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সিলেট শাহপরান (রহ.) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর ভাই মো. কিবরিয়া মিয়া (৪৩)।
অভিযোগকারী মো. কিবরিয়া মিয়ার স্থায়ী বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নবীনগর গ্রামে এবং তিনি বর্তমানে সিলেটের জালালাবাদ থানাধীন আখালিয়া ঘাট এলাকায় বসবাস করেন। অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযুক্তরা হলেন—কোতোয়ালী থানার কাজীটুলা এলাকার শফিক আহমদ বক্স (৫৮), শাহপরান (রহ.) থানার দেবপুর মোহাম্মদপুর এলাকার মিনহাজ আহমদ ফারহান (২৩), মিরাপাড়া বটেরতল ৫নং রোডের আফরোজ মিয়া টেঁনু (৫৫) ও তাঁর ছেলে তানভীর আহমদ (২৫), মিরাপাড়া ফারুক মিয়ার বিল্ডিং এলাকার সৈয়দ শাহজাহান আহমদ (৫০) এবং মিরাপাড়া এলাকার এস.এম. ফরহাদুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, কিবরিয়া মিয়ার আপন ভাই লন্ডন প্রবাসী মো. মাহবুবুর রহমান সিলেট সদর উপজেলার দেবপুর মৌজায় (সিটি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড) মিরাপাড়া বটেরতল ৫নং রোড এলাকায় বৈধ দলিল ও নামজারি খতিয়ান মূলে ১২ শতক ভূমির মালিকানা অর্জন করেন। ভাই প্রবাসে থাকায় দীর্ঘদিন ধরে কিবরিয়া মিয়া জমিটি দেখাশোনা ও তদারকি করে আসছিলেন এবং সেখানে ভবন নির্মাণের প্রস্তুতি হিসেবে বাউন্ডারি দেয়াল নির্মাণ করেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে জমিটি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল। একপর্যায়ে নির্বিঘ্নে জমি ভোগদখল করতে দেওয়ার বিনিময়ে অভিযুক্তরা বাদী ও তাঁর প্রবাসী ভাইয়ের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে বাউন্ডারি দেয়াল ভাঙচুর করে। এতে নির্মাণসামগ্রী ও স্থাপনাসহ প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিবরিয়া মিয়া প্রতিবাদ করলে অভিযুক্তরা তাঁকে ভয়ভীতি প্রদর্শন করে। এরই ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা পুনরায় জমিটি দখলের চেষ্টা চালায় এবং বাধা দিলে তাঁকে প্রাণে হত্যা ও জমি থেকে বিতাড়িত করার হুমকি দেয়।
অভিযোগকারী মো. কিবরিয়া মিয়া জানান, অভিযুক্তদের প্রকাশ্য হুমকি ও কর্মকাণ্ডে তিনি এবং তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
এ ব্যাপারে শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।