সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর এলাকায় টুফা নদীর ওপর নির্মিত কাঠের সেতু উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের পারাপারের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের অর্থায়নে নির্মিত সেতুটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক।
জানা যায়, সেতুটি চালু হওয়ায় ঐতিহ্যবাহী সাচনা বাজারের সঙ্গে বেহেলী ইউনিয়নের ১২টি গ্রামের কয়েক হাজার মানুষের যোগাযোগ সহজ হবে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন। কৃষকরা সহজে তাঁদের উৎপাদিত ফসল হাটবাজারে পরিবহন করতে পারবেন। পাশাপাশি অটোরিকশা ও মোটরসাইকেল চালকদের চলাচল ও আয়-রোজগারের সুযোগও বাড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও শিল্পী রানী মোদক বলেন, মানুষের চলাচলের দুর্ভোগ কমানো এবং গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থা সচল রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, বিএনপি নেতা সাইফুজ্জামান উকিল আলী, বেহেলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, প্রশাসনিক কর্মকর্তা প্রদীপ কুমার রায়, উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার ছবির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।