দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সিলেট বিভাগীয় ইনচার্জ ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কবির আহমদ এর উপর হামলার প্রধান আসামির জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত কারাগারে পাঠিয়েছেন।
চলতি বছরের আগষ্টের প্রথম সপ্তাহে সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর লুটপাটের সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠের সাংবাদিক কবির আহমদের ওপর সাদা পাথর পর্যটন স্পট থেকে অন্যান্য সহকর্মীসহ ফেরার পথে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে সন্ধ্যারাতে হামলার শিকার হন। এতে আহত সাংবাদিকের শারীরিক নির্যাতনসহ মোবাইল ও অন্যান্য জিনিসপত্র কেড়ে নেয়া হয়। তারই প্রেক্ষিতে পরদিন কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের হয়। দীর্ঘ তিনমাস পর প্রধান আসামি শুক্কুর আলী বিজ্ঞ আদালতে জামিন প্রার্থনা করলে নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
০৫ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১২টায় সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ওই আসামি। তবে শুনানি শেষে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে বেলা তিনটার দিকে তাকে আদালত থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
আদালতের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে দ্রুত অন্য আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।