সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ শাহজাহান কবীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের সচিব পদে পদায়ন পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে তাঁকে এই প্রেষণে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের এই কর্মকর্তা আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল (মুরারিচাঁদ সরকারি কলেজ) হতে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখের অপরাহ্নে তিনি তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। এছাড়া তাঁকে আবশ্যিকভাবে নিজ পিডিএস (PDS) এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তাঁর এই নতুন দায়িত্বে পদায়নে শিক্ষা অঙ্গনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।