সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের উন্নয়নে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ ও স্ট্রিটলাইট স্থাপনের উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা। এ প্রকল্পের আওতায় গ্রামের বিভিন্ন সড়কে ১২০টি অত্যাধুনিক সোলার স্ট্রিটলাইট স্থাপন এবং তিনটি সড়কে প্রায় ২৫ হাজার বর্গফুট পাকা রাস্তা নির্মাণ করা হবে।
বুধবার (৪ নভেম্বর) রাতে করপাড়া ডেভেলপমেন্ট কাউন্সিলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের ওল্ডহাম মেট্রোপলিটন বরা কাউন্সিলের চারবারের নির্বাচিত কাউন্সিলর, ওল্ডহাম-বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও ওল্ডহাম সেন্টার মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল মালিক বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রত্যেক প্রবাসী চান, তাঁদের জন্মভূমি বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাক। দেশের মানুষ ভালো থাকুক, শান্তিতে বসবাস করুক। এ লক্ষ্যেই প্রবাসীরা নিজ নিজ এলাকার উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে চান। তবে এ ক্ষেত্রে সরকার ও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের সম্পদ। তাঁরা নিজ এলাকার উন্নয়নে যেসব উদ্যোগ গ্রহণ করছেন, সেগুলো বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।
যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত করপাড়া গ্রামের প্রবাসীদের উদ্যোগে গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় করপাড়া ডেভেলপমেন্ট কাউন্সিল। সংগঠনটির উদ্যোগে গ্রামের বিভিন্ন সড়কে ১২০টি অত্যাধুনিক সোলার স্ট্রিটলাইট স্থাপন এবং গ্রামের অভ্যন্তরের তিনটি সড়কে প্রায় ২৫ হাজার বর্গফুট পাকা রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কাজে আনুমানিক ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
যুক্তরাজ্যপ্রবাসী ও প্রবীণ মুরব্বি আলহাজ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা আবুল খয়ের আলী, ফরিদ মিয়া, মোহাম্মদ আলী ফারহান, হযরত ওমর-ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক মরতুজ আলী এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
করপাড়া ডেভেলপমেন্ট কাউন্সিলের স্টিয়ারিং কমিটির সদস্য মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন আশিকুর রহমান।
এছাড়া যুবসমাজ ও গ্রামবাসীর পক্ষে বক্তব্য দেন আব্দুল গণি, আজমন্দর আলী, হাজী মছদ্দর আলী, সিরাজুল হক, কয়ছর উদ্দিন, ফখর উদ্দিন, ফজর উদ্দিন সাগর, বদরুল আমিন, আব্দুল জব্বার, ফয়জুল হক, আশিক মিয়া, লিলু মিয়া, শামীম মিয়া, হাসান মিয়া ও খালিক মিয়াসহ অনেকে।
অনুষ্ঠান শেষে করপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল ওয়াকে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে কাউন্সিলর আব্দুল মালিকের সৌজন্যে নৈশভোজের আয়োজন করা হয়।