‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে অনেক জীবাণু ও পানিবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। ভালোভাবে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধ করা যায়। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
কর্মসূচিতে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করা হয় এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।