‘শিক্ষকদের পাশে থাকুন, পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গড়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও প্রাক্তন অধ্যক্ষ শেরগুল আহমেদ এবং সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ইভা রায়।
এ ছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও সামাজিক মর্যাদা বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন ও দেশের সার্বিক উন্নয়নে শিক্ষকদের আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।