সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বড়গাং নদীতে বালু শ্রমিকদের ওপর হামলার অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটের জৈন্তাপুরে বড়গাং নদীর ইজারাকৃত বালুমহালে শ্রমিকদের কাজে বাধা, মারধর ও নৌকাপ্রতি এক হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন বৃহত্তর জৈন্তাপুর উপজেলা নৌকা ও বারকি শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুস ছামাদ।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ট্রেড ইউনিয়নের সদস্যরা বড়গাং নদীর ইজারাকৃত বালুমহাল থেকে বালু উত্তোলন করে আসছেন। সম্প্রতি কয়েকজন ব্যক্তি শ্রমিকদের কাছে নৌকাপ্রতি এক হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের হুমকি ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ৩ অক্টোবর সকালে জামাল আহমদ, তাজুল ইসলাম, শাহিন আহমদ, হেলাল ও রহিম উদ্দিন (বলাই)-সহ ৯-১০ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রূপচেং এলাকার বড়গাং নদীর ইজারাকৃত বালুমহালে প্রবেশ করেন। এ সময় তাঁরা বালুবাহী নৌকা থামিয়ে চাঁদা দাবি করেন এবং শ্রমিকদের ওপর হামলা চালান। এতে টাবুল বিশ্বাস নামে এক বারকি শ্রমিক আহত হন।

অভিযোগকারীদের দাবি, নৌকাপ্রতি এক হাজার টাকা চাঁদা না দিলে বালু উত্তোলন বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে শ্রমিকদের বালু উত্তোলনের কাজ বন্ধ করে দেওয়া হয়।

খবর পেয়ে ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুস ছামাদসহ নেতৃবৃন্দ ঘটনাস্থলে গেলে তাঁদেরও হুমকি ও মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় তাঁরা ঘটনাস্থল ত্যাগ করেন।

আহত শ্রমিক টাবুল বিশ্বাসকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বড়গাং নদীর ইজারাদার সিদ্দিক আহমেদ বলেন, “আমি সরকারকে টাকা দিয়ে নদীটি লিজ নিয়েছি। কিন্তু কিছুদিন ধরে একটি চক্র আমার লিজকৃত নদী থেকে বালু উত্তোলনে বাধা দিচ্ছে এবং বারকি শ্রমিকদের কাছে নৌকাপ্রতি এক হাজার টাকা করে দাবি করছে। বিষয়টি সম্পূর্ণ অবৈধ। আমি স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।”

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, “শ্রমিকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

▐ এই সম্পর্কিত আরো