জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিয়ানীবাজার সূচনা পরিষদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। একই অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও বিয়ানীবাজার সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক মো. তারিকুল ইসলামকে বিশেষ ‘শিক্ষক সম্মাননা’ দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে পৌর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিক ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরীর চতুর্থ উপন্যাস ‘কিন্নর মহল’-এর মোড়ক উন্মোচন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. তারিকুল ইসলাম আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “শিক্ষকতা পেশা শুধু জীবিকা নয়, এটি একটি ব্রত। সূচনা পরিষদের এমন সম্মাননা কাজের স্বীকৃতি হিসেবে অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার।”
পরিষদের আহ্বায়ক আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা ও সদস্যসচিব আহমদ রেজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল হামিদ, পরিষদের উপদেষ্টা ফখরুল ইসলাম চৌধুরী ও পরিচালক মাহফুজা বেগম।
যুগ্ম আহ্বায়ক শফিউর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক এবাদুর রহমান, যুগ্ম সচিব আমিনুল হক চৌধুরী, সিনিয়র সদস্য সায়েম আহমদ, বুশরা বেগম ও আব্দুস সামাদ চৌধুরী।
অনুষ্ঠানে পরিষদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে অবদান ও সংগঠনের কার্যক্রমে ভূমিকার স্বীকৃতিস্বরূপ অধ্যাপক মো. তারিকুল ইসলামকে সম্মাননা স্মারক দেওয়া হয়। একই সঙ্গে পরিষদের উপদেষ্টা মো. মুজিবুর রহমান ও আহ্বায়ক আলতাফ হোসেন চৌধুরীকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।