মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে দুটি একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)–এর অধীন কুরমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৮৬/এম থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খাসিয়াপুঞ্জি জামতলা এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় দুটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
অভিযানের পর উদ্ধার করা অস্ত্রের বিষয়ে তাৎক্ষণিকভাবে কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। পরে নিয়মিত মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অস্ত্র দুটি কমলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাহবুবুল হক বলেন, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।