সিলেটের বিয়ানীবাজারে এক কোটি টাকা ব্যয়ে গ্রামীণ মার্কেট ভবন নির্মাণকাজ শুরু করার পর রডের কাঠামো স্থাপন করেই কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় খোলা আকাশের নিচে পড়ে থাকা রডে মরিচা ধরেছে।
অন্যদিকে নির্মাণকাজের কারণে বাজারের প্রধান সড়ক বন্ধ থাকায় ব্যবসায়ী ও ক্রেতাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ থানা বাজারে চারতলা ভিত্তির ওপর দুইতলা গ্রামীণ মার্কেট ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২৩ সালের ১৩ নভেম্বর। এলজিইডির বিয়ানীবাজার উপজেলা কার্যালয়ের বাস্তবায়নে ভবনটির নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক কোটি টাকা।
সরেজমিনে দেখা যায়, নির্মাণকাজ শুরুর পর ভবনের নির্ধারিত স্থানে শুধু রডের কাঠামো স্থাপন করা হয়েছে। এরপর দীর্ঘ প্রায় নয় মাস ধরে কাজ বন্ধ রয়েছে। খোলা আকাশের নিচে পড়ে থাকায় রডে মরিচা ধরেছে। এতে প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নির্মাণকাজের জন্য বাজারের প্রধান সড়কটি বন্ধ রয়েছে। ফলে দোকানে মালামাল আনা-নেওয়া ও সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। বিশেষ করে মাছ ও সবজি ব্যবসায়ীরা অস্থায়ী জায়গায় বসে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী দীপক কুমার দাস বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান এ কে এন্টারপ্রাইজ আর কাজ করবে না বলে জানিয়েছে। নতুন ঠিকাদার নিয়োগের জন্য আবেদন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, নতুন ঠিকাদার নিয়োগের অনুমোদন পাওয়ার পর আবার নির্মাণকাজ শুরু করা হবে।
অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এ কে এন্টারপ্রাইজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।