সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে উত্তোলন করা ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম সম্পন্ন হয়েছে। এর আগে স্পট নিলাম অনুষ্ঠিত হলেও নিলামগ্রহীতা বালু গ্রহণে অপারগতা প্রকাশ করায় নিয়ম অনুযায়ী পুনরায় পূর্ণ নিলামের মাধ্যমে বালু বিক্রি করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদী ও আদর্শগ্রাম এলাকায় বিজিবি ও পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পূর্বে জব্দ করা ১৫ হাজার ৪৪ ঘনফুট বালুর পূর্ণ নিলাম অনুষ্ঠিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাংপানি নদীতে বিজিবি ও পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২০টি ছোট বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় নৌকাগুলো বিনষ্ট করা হয়। একই অভিযানে রাংপানি এলাকার আদর্শগ্রাম থেকে ১৫ হাজার ৪৪ ঘনফুট বালু জব্দ করা হয়।
পরে জব্দ করা বালু স্পট নিলামে তোলা হলে নিলাম কার্যক্রম শেষ হওয়ার পর নিলামগ্রহীতা বালু গ্রহণে অপারগতা প্রকাশ করেন। এ অবস্থায় নিয়ম অনুযায়ী বুধবার পুনরায় পূর্ণ নিলাম অনুষ্ঠিত হয়।
নিলাম শেষে নিলামগ্রহীতাকে কার্যাদেশ প্রদানের তিন দিনের মধ্যে নিলামকৃত বালু অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।