সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএর ইজারাদার কর্তৃক নৌযান থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্রাশার মিল মালিক, নৌযান মালিক ও শ্রমিকদের নিয়ে সভা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও শিল্পী রাণী মোদকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট পক্ষগুলো অতিরিক্ত টোল আদায়সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
ইউএনও শিল্পী রাণী মোদক বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র ছাড়া ক্রাশার মিল পরিচালনা না করার বিষয়ে সতর্ক করে পরিবেশের ভারসাম্য রক্ষায় সব মিল একটি নির্দিষ্ট স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সভায় জানানো হয়, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ সরেজমিনে তদন্তে বুধবার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, বিআইডব্লিউটিএর সিলেট বিভাগীয় উপপরিচালক, ইউএনও ও থানার ওসি সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শন করবেন।
উল্লেখ্য, গত রোববার অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে নৌযান শ্রমিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।