মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের কাপড়ের আলনার ড্রয়ার থেকে প্রাণঘাতী বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা-বাগানের শ্রমিক কলোনিতে সুরেশ নায়েকের বসতঘরে সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। কাপড়ের আলনার একটি ড্রয়ার খুললে সেখানে সাপটি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে যান তারা।
পরে সুরেশ নায়েক বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে কাপড়ের আলনার ড্রয়ারের ভেতর থেকে সাপটি উদ্ধার করেন।
উদ্ধারকারীরা জানান, সাপটি একটি পদ্ম গোখরা এবং এটি অত্যন্ত বিষধর ও প্রাণঘাতী। পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়।