সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাবাজার, দমদমিয়া, প্রতাপপুর, কালাইরাগ, শ্রীপুর ও বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান পরিচালনা করে ভারতীয় জিরা, গরু, চকলেট, প্রসাধনী ও সুপারি জব্দ করে। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুন ও শিং মাছও জব্দ করা হয়।
জব্দ করা চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৭৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।