সিলেটের বিয়ানীবাজারে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেল জব্দসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এতে এসআই হোসাইন মিয়া, এএসআই মুজাম্মেল হকসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, প্রথম অভিযানে গত ১৭ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার ২ নম্বর চারখাই ইউনিয়নের কটকচ্ছা এলাকায় চারখাই ইউনিয়ন পরিষদের সামনে জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় ২ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন জকিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের রুবেল আহমদ (৩৫) ও ইলাবাজ গ্রামের লায়েক আহমদ (২৭)।
এরপর দ্বিতীয় অভিযানে ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে একই স্থানে চেকপোস্ট বসিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ সাহাবুদ্দিন (৩৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার বড়রমের চক গ্রামের বাসিন্দা।
পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ টাকা।
বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলাগুলোর এফআইআর নম্বর ২৪ ও ২৫। পরে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।