শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে পর্যটক হয়রানির অভিযোগে ৪ পুলিশ বরখাস্ত

সিলেটের জৈন্তাপুরে মহাসড়কে বাস থামিয়ে তল্লাশির সময় এক পর্যটককে হয়রানি ও অযথা জিজ্ঞাসাবাদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া সদস্যদের মধ্যে একজন এএসআই ও তিনজন কনস্টেবল রয়েছেন। তারা তামাবিল হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

সম্প্রতি জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় জাফলং থেকে কম্বল কিনে ফেরা এক পর্যটকের বাস থামিয়ে তল্লাশির সময় ওই চার সদস্যের বিরুদ্ধে হেনস্তা ও হয়রানির অভিযোগ ওঠে। অভিযোগের প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রথমে তাদের তামাবিল হাইওয়ে থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে গত সোমবার অফিস আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা বলেন, মহাসড়কে গাড়ি থামিয়ে সাধারণ মানুষ ও চালকদের হয়রানির অভিযোগে চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। এ ঘটনায় তদন্তও চলছে।

তিনি বলেন, আইন অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহন থামিয়ে তল্লাশি চালানোর ক্ষমতা পুলিশের রয়েছে। তবে তল্লাশির নামে অন্যায় সুবিধা আদায় কিংবা কাউকে অযথা বিব্রত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্ত প্রতিবেদন ও জবাবের ভিত্তিতে পরবর্তী বিভাগীয় ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ সুপার আরো বলেন, সীমান্তঘেঁষা এলাকায় চোরাচালান প্রতিরোধে হাইওয়ে পুলিশের তৎপরতা জোরদার রয়েছে। তবে চোরাচালানবিরোধী অভিযানের নামে সাধারণ মানুষ ও পর্যটকরা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। মহাসড়ককে হয়রানি, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমুক্ত রেখে নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করাই পুলিশের লক্ষ।

এই সম্পর্কিত আরো