সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শ্রিখেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. কামরান আহমদ (৩০) কানাইঘাট উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা জানান, সিলেটগামী পর্যটকবাহী শৌখীন পরিবহনের একটি বাস মহাসড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত দুজনকেও গুরুতর অবস্থায় একই হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচলও শুরু হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট এমএজি ওসমানী মেডিকেলে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।