সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এই টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮টি শক্তিশালী ড্রেজার মেশিন (বোমা ড্রেজার) ধ্বংস করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেনের নেতৃত্বে গোয়াইনঘাট সদর ইউনিয়নের পরগণা বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৮টি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই ভেঙে চুরমার করা হয়। এছাড়া অবৈধভাবে বালু পরিবহনের দায়ে একটি স্টিলবডি নৌকা পানিতে ডুবিয়ে অকেজো করে দেওয়া হয়। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল নিরাপত্তা সহায়তা প্রদান করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন বলেন, ইজারা বহির্ভূত এবং পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। সরকারি প্রাকৃতিক সম্পদ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।