সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি শিগগিরই প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিটির সদস্যসচিব ও ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন নাহার আশা।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিকাপন এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। এ সময় তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহাসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মুনমুন নাহার আশা বলেন, ‘তদন্ত চলমান রয়েছে। মঙ্গলবার তদন্ত কমিটির সদস্যরা কাশিকাপন এলাকায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
এর আগে গত ৭ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় নয়জনে।
নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২৪ যাত্রী আহত হন। নিহত সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানা গেছে।
দুর্ঘটনার পর থেকে দুই বাসের চালকই পলাতক রয়েছেন। এ ঘটনায় গত ৮ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে ওসমানীনগর থানায় মামলা করা হয়।
এদিকে দুর্ঘটনার পর দুর্ঘটনাকবলিত দুই বাসের রেজিস্ট্রেশন সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
মঙ্গলবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে কমিটির সদস্যসচিব জানান, তদন্ত শেষ করে শিগগিরই প্রতিবেদন জমা দেওয়া হবে।