হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—উভয় ক্ষেত্রেই ফলাফল অত্যন্ত হতাশাজনক। এ বছর উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৪৬ দশমিক ১২ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, তিন বিভাগে মোট ২ হাজার ৫৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে মাত্র ১ হাজার ১৯৪ জন। পুরো উপজেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩৩ জন শিক্ষার্থী।
বিভাগওয়ারী ফলাফলের চিত্র:
এসএসসি: সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৭৭ জন। পাসের হার ৪৫ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬ জন।
দাখিল: মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩৩ জন। পাসের হার ৬৪ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ জন।
ভোকেশনাল: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৪ জন। পাসের হার সবচেয়ে কম, মাত্র ৩৮ দশমিক ৩৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ জন।
এমন হতাশাজনক ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। কেন এই ফল বিপর্যয়, তা খতিয়ে দেখার দাবি তুলেছেন স্থানীয়রা।
সচেতন মহলের মতে, নিয়মিত তদারকির অভাব, মানসম্মত পাঠদানের ঘাটতি এবং প্রতিষ্ঠানভিত্তিক দুর্বলতাই এই বিপর্যয়ের মূল কারণ। তারা দ্রুত ফলাফল পর্যালোচনা করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।