সিলেটের বালাগঞ্জে শিশু-কিশোরদের মসজিদমুখী ও নিয়মিত নামাজ আদায়ে উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদে ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরদের পুরস্কৃত করা হয়েছে।
সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, গহরপুর-খাঁপুরের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুকের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (২ আগস্ট) খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক।
কর্মসূচির আওতায় একটানা ৪০ দিন জামাতে তাকবিরে উলার (প্রথম তাকবিরের) সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারী ১৫ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা এবং দ্বিতীয় স্থান অর্জনকারী ৭ জনকে জনপ্রতি ৪ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়া আরও ১১ জনকে কলম উপহার দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ২ লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত নামাজ ও মসজিদের সঙ্গে শিশুদের সম্পৃক্ততা তাদের শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও মূল্যবোধ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
তারা বলেন, সমাজে ভালো প্রজন্ম গড়ে তুলতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, ধর্মীয় ও নৈতিক শিক্ষারও প্রয়োজন রয়েছে। খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদে নেওয়া এ উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফিজ মো. কুতুবউদ্দিন, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদী, সমাজসেবী আব্দুস ছালাম, আব্দুল জলিল, বুরহান উদ্দিন, মুজিবুর রহমান, বাবরু মিয়া মেম্বার, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক শাহ মো. হেলাল, গহরপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খাঁপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান। পরে তিনি বিশেষ মোনাজাত পরিচালনা করেন।