সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, শিক্ষাঙ্গন ও শিক্ষার পরিবেশ রক্ষায় বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। নদী ভাঙন থেকে এই বিদ্যাপীঠকে রক্ষা করতে দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত কানাইঘাটের মুলাগুল হারিছ চৌধুরী একাডেমীর ৪-তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভবন উদ্বোধন শেষে একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক আবু মুসা মো. তারেক, কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল এবং এমপির একান্ত সহকারী হাবিব উল্লাহ মিসবাহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাডেমীর প্রধান শিক্ষক মো. আফতাব উদ্দিন, পানি উন্নয়ন বোর্ড কানাইঘাটের এসও শওকত আলী এবং জেলা ছাত্রদলের সহ-সাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু।
উদ্বোধনের আগে সংসদ সদস্য মুফতি আবুল হাসান একাডেমীর সম্মুখস্থ লোভা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে নদী ভাঙন রোধে সিসি ব্লক নির্মাণের দাবি জানান। এমপি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, বিদ্যালয় রক্ষার্থে শিগগিরই ব্লক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও বিদ্যালয়ের পক্ষ থেকে ডিজিটাল ল্যাব ও সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানানো হলে তিনি তা পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।
এদিকে, বিদ্যালয়ের নাম পরিবর্তন ও বর্তমান নাম বহাল রাখা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মরহুম আবুল হারিছ চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির নাম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পরিবর্তন করে 'মুলাগুল উচ্চ বিদ্যালয়' রাখা হয়েছিল। বিগত ৫ আগস্টের পর স্থানীয়রা ফের 'মুলাগুল হারিছ চৌধুরী একাডেমী' নাম সংবলিত সাইনবোর্ড উত্তোলন করেন। এদিন সিলেট শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক আবু মুসা মো. তারেক সরেজমিনে বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং একাডেমীর নাম বহাল রাখতে প্রশাসনিকভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।