ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার বঙ্গভবনে অফিস করেছেন হাফিজ উদ্দিন আহমদ। প্রথম দিন বঙ্গভবনে গিয়ে বেশ কিছু আনুষ্ঠানিকতা সেরে কয়েকটি সারসংক্ষেপ, বাণী ও নথিতে স্বাক্ষর করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
প্রথমবারের মতো বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করার পাশাপাশি অন্য কী কী কার্যক্রমে অংশ নিয়েছেন, তা বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বেলা ১১টা ৮ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআরের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেয়।
রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম ও পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান।
বঙ্গভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিজ অফিস কক্ষে বঙ্গভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বঙ্গভবনের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিভাগের কার্যক্রম ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে অবহিত করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে কাজ শুরুর প্রথম দিনে কয়েকটি সারসংক্ষেপ, বাণী ও নথিতে স্বাক্ষর করেন।
পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। তিনি ক্রেডেনশিয়াল হল, দরবার হল ও তোশাখানা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। নির্ধারিত কর্মসূচি শেষে দুপুরে হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবন ত্যাগ করেন।
গত শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। তবে বঙ্গভবনে অফিস করলেও তিনি স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন।