দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি, বিনিয়োগ, যৌথ উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির লক্ষ্যে মালয়েশিয়ায় ‘Malaysia-Bangladesh Business Forum’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) Klang Chinese Chamber of Commerce and Industry (KCCCI)-এর উদ্যোগে ক্লাংয়ে সংগঠনটির সদর দপ্তরে এ ফোরাম অনুষ্ঠিত হয়।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (DCCI)-এর প্রেসিডেন্ট Taskeen Ahmed-এর নেতৃত্বে ৩৮ সদস্যের বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদল ফোরামে অংশ নেয়। অনুষ্ঠানে KCCCI-এর প্রেসিডেন্ট Dato Jeffery Tan, SME Corp. Malaysia-এর চেয়ারম্যান YBhg Dato Teng Chang Khim এবং ক্লাংয়ের প্রায় ৪০ জন ব্যবসায়ী প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ফোরামে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সহযোগিতা এবং নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বাংলাদেশকে মালয়েশিয়ার জন্য বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন ও প্রযুক্তি সহযোগিতার সম্ভাবনাময় অংশীদার হিসেবে তুলে ধরেন।
এ সময় DCCI-এর প্রেসিডেন্ট Taskeen Ahmed এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Rajeev H. Chowdhury বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও কারিগরি সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
ফোরামে KCCCI ও DCCI-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এই সমঝোতার মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে।
অনুষ্ঠানের শেষপর্বে অনুষ্ঠিত B2B Networking Session-এ বাংলাদেশ ও মালয়েশিয়ার ব্যবসায়ীরা নিজ নিজ খাতের আমদানি-রপ্তানি, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে সরাসরি মতবিনিময় করেন।
ফোরামে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।