দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সেলিম। সোমবার সকালে সিলেটের বিশ্বনাথে নিজ জন্মভূমিতে পৌঁছালে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে দুপুরের দিকে তিনি বিশ্বনাথের রশিদপুর পয়েন্টে পৌঁছালে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয়রা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে শতাধিক মোটরসাইকেলের বহরে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে তাকে বিশ্বনাথ পৌর শহরে নিয়ে যাওয়া হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসিয়া সেতু এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয় এবং শোভাযাত্রাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পথসভায় বক্তব্যে জসিম উদ্দিন সেলিম জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি বলেন, জনগণের সমর্থন পেলে বিশ্বনাথ উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য মডেল উপজেলায় রূপান্তর করতে কাজ করবেন। অবকাঠামোগত উন্নয়ন এবং পরিবেশ দূষণমুক্ত বিশ্বনাথ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে দেশে এসেছেন যুক্তরাজ্যের সাউথ ওয়েলস বিএনপির সাবেক সভাপতি খালেদ মিয়া।