সুনামগঞ্জের শান্তিগঞ্জে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৬-২৭ মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমের আওতায় উন্মুক্ত লটারির মাধ্যমে ৯০ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে।
নির্বাচিত কৃষকেরা সরকারি নির্ধারিত প্রতি কেজি ৩৫ টাকা দরে উপজেলা খাদ্যগুদামে ধান বিক্রি করতে পারবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে এ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।
উপজেলার আটটি ইউনিয়নের মোট ১ হাজার ১৮১ জন আবেদনকারী কৃষকের মধ্য থেকে কম্পিউটার অ্যাপের মাধ্যমে স্বচ্ছ ও উন্মুক্ত লটারিতে ৯০ জন কৃষককে নির্বাচিত করা হয়।
লটারি কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুর রব, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুক আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কিবরিয়া মিয়া, যুবদল নেতা সৈয়দ আলমসহ গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা।
জানা যায়, ২০২৬-২৭ আমন মৌসুমে শান্তিগঞ্জ উপজেলায় সরকারিভাবে ৯০ মেট্রিক টন ধান সংগ্রহের বরাদ্দ রয়েছে। লটারিতে নির্বাচিত ৯০ জন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ধান সংগ্রহ করা হবে। এ হিসাবে প্রত্যেক কৃষক সর্বোচ্চ এক মেট্রিক টন আমন ধান সরকারি খাদ্যগুদামে বিক্রি করতে পারবেন।