‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে সপ্তাহটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান মামুন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহীদ হোসেন। খামারিদের পক্ষে বক্তব্য দেন লামাকাজী ইউনিয়নের খামারি আজাদ মিয়া।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, খামারিদের সমস্যা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের আধুনিক পদ্ধতিতে পশুপালনে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দিতে হবে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সক্ষমতা বাড়াতেও উদ্যোগ নিতে হবে।
বক্তারা উন্নত জাতের গবাদিপশু ও হাঁস-মুরগি পালন এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা উপস্থিত ছিলেন।